বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে ‘উন্মাদের মতো কথা বলেন’ বলে মন্তব্য করেছেন।
রোববার (২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে দেশের পোশাক খাতের সংকট ও তা কাটিয়ে ওঠার উপায় নিয়ে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
শওকত আজিজ বলেন, “তার একটা ফেসবুক পেজ আছে, সেখানে তিনি উল্টোপাল্টা কথা বলে মানুষকে বিব্রত করেন। সঠিক লোক যদি সঠিক জায়গায় না থাকে, তাহলে সঠিক সিদ্ধান্তও আসবে না।”
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু এখনো প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে না পারায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “দুঃখের বিষয়, বিজিএমইএ প্রেসিডেন্ট এখনো প্রধান উপদেষ্টার সঙ্গে একটি মিটিংও পেলেন না। তাহলে আপনি এ দায়িত্ব নিলেন কেন? আগের সরকারের সময় যেসব খেলাধুলা হয়েছে, এখন আবার সেগুলো শুরু হয়েছে।”
প্রেস সচিব শফিকুল আলমকে উদ্দেশ করে শওকত আজিজ আরও বলেন, “আমরা সবাই ধুঁকছি, ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, মানুষ চাকরি হারাচ্ছে। আপনি কি দেখেন না এসব? যেখানে এয়ারপোর্ট পোড়ে, সেখানে বিদেশি ক্রেতারা অর্ডার দেবে? এর অদৃশ্য ক্ষতি অনেক বেশি। নির্বাচন দিয়ে আমাদের মুক্তি দিন।”
বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ) আয়োজিত এই সভায় সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ পোশাক ও টেক্সটাইল খাতের নেতারা অংশ নেন।





