বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার উদ্যোগে ২০২৪ সালের “জুলাই বিপ্লব”-এর বর্ষপূর্তি ও জুলাই ৩৬-দিনব্যাপী কর্মসূচি উপলক্ষে অনুষ্ঠিত হলো ‘জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা ২০২৫’।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বসুন্ধরা আবাসিক এলাকার একটি সেমিনার হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় NSU, IUB, EWU, AUST, UU, UIU, DIU, AIUB, BUFT, WUB, MIU, Daffodilসহ বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) শিক্ষার্থী আব্দুল্লাহ সুহাইব সিদ্দিকী। দ্বিতীয় হয়েছেন উত্তরা ইউনিভার্সিটির সাইদুর রহমান, এবং তৃতীয় হয়েছেন মাহদি হাসান সাজিদ।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের প্রাইভেট ইউনিভার্সিটি সমন্বয়ক নাইম আবেদীন, গোলাম রাব্বি, তালহা রাইয়ান ও তাকরীম।
প্রধান অতিথি আমিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, “জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য ইসলামী ছাত্রশিবির সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছে। জুলাইকে ধারণ করেই আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
নাইম আবেদীন বলেন, “বাংলাদেশের জন্য কোনো বিভাজন ভালো হবে না। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য দল, মত নির্বিশেষে সবাইকে জুলাইকে ধারণ করতে হবে।”
প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সভাপতি মো: জাহিদুল ইসলাম সমাপনী বক্তব্যে জানান, “আজকের জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতার মাধ্যমে আমরা জাতির কাছে জুলাইকে চিরস্মরণীয় করে রাখতে চাই।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গত বছরের জুলাই বিপ্লবে শহীদদের পরিবার ও আহতরা। ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি শাখা এই বছরের ৩৬ দিনব্যাপী কর্মসূচির মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে রক্তদানসহ আরও কয়েকটি সামাজিক ও শিক্ষামূলক অনুষ্ঠান আয়োজন করেছে





