প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। শরীরে বেশ কয়েকটি জটিলতা দেখা দেওয়ায় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তার ক্যান্সার শনাক্ত হয়, যা ইতোমধ্যে হাড়ে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা।
\r\nসোমবার (১৯ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, প্রস্রাবজনিত সমস্যা দেখা দেওয়ায় গত শুক্রবার বাইডেনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এর পর গতকাল রোববার বাইডেনের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, তার বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় রেখে চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করা হচ্ছে।
\r\nপ্রতিবেদনে আরও বলা হয়, ৮২ বছর বয়সী বাইডেনের ক্যান্সারটি ‘আক্রমণাত্মক’ ধরনের এবং তার গ্লিসন স্কোর ৯ (১০-এর মধ্যে) — যা উচ্চ ঝুঁকিপূর্ণ প্রোস্টেট ক্যান্সারের ইঙ্গিত দেয়।
\r\nযুক্তরাজ্যের ক্যানসার গবেষণা সংস্থা ক্যানসার রিসার্চ ইউকে জানিয়েছে, এই ধরনের গ্লিসন স্কোরবিশিষ্ট প্রোস্টেট ক্যান্সারকে ‘হাই গ্রেড’ বা উচ্চমাত্রার ক্যান্সার হিসেবে ধরা হয়, যা দ্রুত শরীরে ছড়িয়ে পড়তে পারে।
\r\nবাইডেনের কার্যালয় জানিয়েছে, তার ক্যান্সারটি হরমোন-সংবেদনশীল, যার অর্থ—বিশেষ চিকিৎসার মাধ্যমে সেটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতে পারে। তবে রোগের জটিলতা ও ছড়িয়ে পড়া অবস্থার কারণে চিকিৎসা পদ্ধতি নির্ধারণে অতিরিক্ত সতর্কতা নেওয়া হচ্ছে।
\r\nবর্তমানে বাইডেন ও তার পরিবার বিভিন্ন চিকিৎসা বিকল্প নিয়ে আলোচনা ও পর্যালোচনা করছেন।





