আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সদস্যদের ফোনে একের পর এক হুমকি দেওয়া হয়েছে। রোববার রাত থেকে শুরু হওয়া এসব কলের বেশির ভাগই এসেছে ভারতীয় কান্ট্রি কোড ব্যবহার করে।
টিমের সদস্যদের অভিযোগ, অজ্ঞাত নম্বর থেকে কল দিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। হুমকিতে বলা হচ্ছে, শেখ হাসিনার সাজা হলে প্রসিকিউশন টিমের কাউকে জীবিত রাখা হবে না।
প্রসিকিউটর তারেক আবদুল্লাহ জানান, সন্ধ্যার পর থেকেই অচেনা নম্বর থেকে কল আসতে থাকে। আজও এমন একাধিক কল পেয়েছেন। তিনি বলেন, “বেশির ভাগ কল ভারতের কোড থেকে এসেছে। স্পষ্ট হুমকি দেওয়া হচ্ছে—রায় নেত্রীর বিরুদ্ধে গেলে আমাদের টিমকে মেরে ফেলা হবে।”
চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও একই অভিযোগ করেছেন। তিনি বলেন, “এত হুমকি এসেছে যে শেষ পর্যন্ত ফোন বন্ধ করতে হয়েছে। সবার বক্তব্য একই—নেত্রীর সাজা হলে আমাদের হত্যা করা হবে।”
তাজুল ইসলাম আরও বলেন, “ভীরু ও কাপুরুষ গণহত্যাকারীরা এমন ভাষাতেই কথা বলে। এসব হুমকিকে আমরা গুরুত্ব দিচ্ছি না।”





