রাজধানীর বসুন্ধরার কেবি কনভেনশন হলে গত ৮ জুলাই আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ কেন্দ্র করে সংঘটিত ঘটনায় মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (৩ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান।

তিনি জানান, “ঘটনার পর ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত ২৬ জন গ্রেপ্তার হয়েছেন, বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

ডিসি তালেবুর রহমান আরও বলেন, “গত ২৪ ঘণ্টায় সারা দেশে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের আরও ২১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি জানান, রাজধানীতে যেকোনো সভা-সমাবেশকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সিটিটিসি, থানা পুলিশ এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

তালেবুর রহমান বলেন, “যেকোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবিলায় ডিএমপি সর্বদা প্রস্তুত রয়েছে।”