বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে একটি পরিকল্পিত প্রচেষ্টা চলছে। তিনি বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘনিষ্ঠ দোসররা সক্রিয় রয়েছে এবং তারা গোপনে নানা ষড়যন্ত্রে লিপ্ত, অথচ সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
শনিবার (২৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত ছাত্রদলের সাবেক নেতা দোলন ভূঁইয়ার পাশে দাঁড়াতে গিয়ে এসব কথা বলেন রিজভী। ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে আহত নেতার চিকিৎসা সহায়তা প্রদান শেষে তিনি বক্তব্য দেন।
রিজভী বলেন, “গত সময়গুলোতে শেখ হাসিনা চারজন নির্দিষ্ট ব্যক্তির পরামর্শে দেশ চালিয়েছেন এবং তাদের পরামর্শেই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের সময়ও সেই পরামর্শে গুলি ও বোমা মেরে মানুষ হত্যা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “এখন অন্তর্বর্তীকালীন সরকার থাকার পরেও দেখা যাচ্ছে, অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।”
এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোমিন মিথুন , উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব ও শাহাদত হোসেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান তুষার, যুবদল নেতা সাইয়াম সিকান্দার পাপ্পু, ছাত্রদল নেতা মশিউর রহমানসহ অনেকে।
রিজভী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান আহত দোলন ভূঁইয়ার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন।





