বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, দেশে সম্প্রতি বেড়ে যাওয়া ‘মব কালচার’ বা সংঘবদ্ধ বিশৃঙ্খলার পেছনে রয়েছে প্রশাসনিক স্থবিরতা, অবৈধ কালো টাকা এবং গোপন অপতৎপরতার প্রভাব।
মঙ্গলবার (৮ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে। এর মাধ্যমে কৃত্রিম অস্থিরতা তৈরি করে গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, “জনগণ মনে করছে, এসব পরিকল্পনার নেপথ্যে রয়েছে নির্বাচন পেছানোর সুদূরপ্রসারী ষড়যন্ত্র। শেখ হাসিনার শাসনামলে যেমন অদ্ভুত উন্নয়নের গল্প শোনা যায়, তেমনি এখন নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্যও নানা ধরনের বয়ান দেওয়া হচ্ছে।”
রিজভী জানান, বিএনপির নাম ভাঙিয়ে কেউ অপকর্মে জড়ালে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, “বিএনপি একটি গণতান্ত্রিক ও দায়িত্বশীল রাজনৈতিক দল। যেকোনো বিশৃঙ্খলার সঙ্গে জড়িতদের আমরা সমর্থন করি না, বরং কঠোরভাবে প্রতিহত করছি।”
সংবাদ সম্মেলনে দলীয় নেতাকর্মীদের সতর্ক থেকে অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।





