প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, রেমিট্যান্স-যোদ্ধাদের অবদানের কারণেই সরকার পরিচালনায় মন্ত্রণালয় কাজ করছে। তাই প্রবাসীদের কল্যাণে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রবাসীদের মৃতদেহ কোনো খরচ ছাড়াই দেশে আনার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

মঙ্গলবার দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রাঙ্গণে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে নতুন যুক্ত হওয়া দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রবাসীরা বিদেশে থাকাকালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং তারা দেশের জন্য কাজ করা একটি পতাকার মতো। তাদের অবদানের স্বীকৃতি দেওয়া জরুরি। প্রবাসীদের দেশে ফেরার পর তাদের ইতিবাচক ভূমিকার বিষয়টিও বিবেচনায় রাখা উচিত। এ লক্ষ্যে মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণে কাজ করে যাচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন দায়িত্ব নেওয়ায় সব বিষয় এখনো পুরোপুরি জানা সম্ভব হয়নি। তবে আগামী ১৮০ দিনের মধ্যে প্রবাসীদের জন্য নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রতিমন্ত্রী নুরুল হক উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যাহ ভূঁইয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সারোয়ার ভূঁইয়া, উপসচিব ইমরান আহমদ, সহকারী পরিচালক মো. নাজমুল হকসহ অন্যান্য কর্মকর্তারা।