বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অপ্রাসঙ্গিকভাবে ১০৪ সদস্য নিয়ে জাতিসংঘে পিকনিক করতে গেছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের আয়োজনে ‘জাতীয় সংসদ নির্বাচন বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মেজর হাফিজ বলেন, “সফলতা আসুক বা না আসুক, আগে ব্যয় সংকোচন করা উচিত। ১০৪ জনকে সঙ্গে নিয়ে কেন জাতিসংঘে যাওয়া প্রয়োজন? এটি বাংলাদেশের জনগণের অর্থের অপচয়। প্রধান উপদেষ্টা আগে ৫৪ জনের একটি দল নিয়ে সফর করেছিলেন, যা গ্রহণযোগ্য। কিন্তু ১০৪ জনকে নিয়ে পিকনিক করা বাংলাদেশের দুর্বল অর্থনীতির জন্য মানানসই নয়।”
নির্বাচন ইস্যুতে হাফিজ উদ্দিন আরও বলেন, “ইউরোপ-আমেরিকা থেকে আসা কিছু বুদ্ধিজীবীদের পরামর্শে দু’একটি রাজনৈতিক দল মিলে কোনো নির্বাচনী ব্যবস্থা চাপিয়ে দিতে পারে না। জামায়াত মনে করছে, তারা ইতিহাসের কাছাকাছি পৌঁছেছে। পিআর পদ্ধতিতে নির্বাচিত হতে চাওয়া এবং কিছু নেতার বক্তব্য বিব্রতকর। জনগণের রায়কে তারা ভয় পায়।”
জামায়াতের সঙ্গে জোটের প্রসঙ্গে তিনি বলেন, “জনপ্রিয়তা বিবেচনায় যুগপৎ আন্দোলনে মিত্র দলগুলোর জন্য ৪০-৫০টি আসন ছাড়তে প্রস্তুত বিএনপি। তবে এ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিছু নেতার বক্তব্য বিব্রতকর, পিআরের দাবি বিএনপিকে ঠেকানোর কৌশল।”
এ সময় খাগড়াছড়ি ইস্যুতে মেজর হাফিজ মন্তব্য করেন, “পাহাড়ে আবার পুরাতন খেলাধুলা শুরু হয়েছে। জিয়াউর রহমান বাঙালি পাঠানোর কারণে এখন জনসংখ্যার হার সমান হয়েছে, এজন্য ভারত স্বাধীনতা ঘোষণা করতে পারছে না।”





