মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজ।


বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরদিন (২২ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।


সাক্ষাতে অ্যান্ড্রুজ বলেন, আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে প্রধান উপদেষ্টার নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আসন্ন ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদরদপ্তরে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের উদ্যোগের কথাও স্মরণ করিয়ে দেন।


অ্যান্ড্রুজ আরও বলেন, দীর্ঘমেয়াদি সমাধানের আশাকে টিকিয়ে রাখার জন্য ড. ইউনূসের ভূমিকা এবং রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা দেওয়ার জন্য বিশ্বের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা রয়েছে। তবে রাখাইনকে স্থিতিশীল করতে এবং প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরির জাতিসংঘ মহাসচিবের প্রচেষ্টা দুরভিসন্ধিমূলক প্রচারণার কারণে ব্যর্থ হয়েছে বলেও তিনি হতাশা প্রকাশ করেন।


প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, জাতিসংঘ সম্মেলন এই দীর্ঘস্থায়ী সংকট সমাধানের জন্য সুনির্দিষ্ট পথ দেখাবে। তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য সাম্প্রতিক অর্থায়ন হ্রাস স্বাস্থ্য ও শিক্ষাসহ জরুরি সেবায় বড় প্রভাব ফেলছে। তাই পর্যাপ্ত তহবিল নিশ্চিত করতে অ্যান্ড্রুজকে তার প্রচেষ্টা অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি।


অ্যান্ড্রুজও আশাবাদ ব্যক্ত করেন, বিভিন্ন পক্ষের অব্যাহত প্রচেষ্টা দ্রুত ও স্থায়ী সমাধান আনতে পারে। একই সঙ্গে তিনি রোহিঙ্গা সংকটে বাংলাদেশের নেতৃত্ব ধরে রাখার আহ্বান জানান।


জাতিসংঘের বিশেষ প্রতিবেদক আগামী ২৫ আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা ইস্যু নিয়ে স্টেকহোল্ডার সংলাপে অংশ নেবেন। ওই সংলাপের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা।