জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আরও দুই নেতা। তারা হলেন—জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. নকিবুর রহমান তারেক এবং এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দল দুটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
সফরসূচি অনুযায়ী, প্রধান উপদেষ্টা রোববার রাতে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন। তিনি ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক ও বৈশ্বিক অনুষ্ঠানে অংশ নেবেন। আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন এবং ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার।
তার সফরসঙ্গী হিসেবে আরও থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
জামায়াত ও এনসিপি সূত্র জানিয়েছে, প্রতিনিধি দলে বিএনপির দুই নেতার পাশাপাশি তাদের দল থেকেও দুজন করে প্রতিনিধি অন্তর্ভুক্ত করার অনুরোধ জানায় সরকার। তবে সময়সীমা কম থাকায় আগে থেকে মার্কিন ভিসাধারীদের মধ্যে থেকে মনোনয়ন দেওয়া হয়। জানা গেছে, ড. নকিবুর রহমান যুক্তরাষ্ট্র থেকেই প্রতিনিধি দলে যোগ দেবেন, আর ডা. তাসনিম জারা রোববার রাতে ঢাকা থেকে রওনা হচ্ছেন।
জাতিসংঘের ৮০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে ২২ সেপ্টেম্বর শুরু হবে উচ্চপর্যায়ের সভা। অধিবেশনে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের এক বছরের সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের অঙ্গীকার বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন।