বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটি আজ (বৃহস্পতিবার) চেয়ারপার্সন কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকের পর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণে প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের যে ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন, এবং একই সঙ্গে নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্ত জানিয়েছেন—সেই উদ্যোগকে বিএনপির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটি প্রধান উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।
মির্জা ফখরুল আরও জানান, সভায় ২০২৫ সালের ১৭ অক্টোবর স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বিষয়ে জনগণের মতামত জানতে গণভোট আয়োজনের সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখা হয়েছে। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে।





