যুক্তরাষ্ট্রের সব নাগরিককে অন্তত ২ হাজার ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণা আসে চলমান সরকারি অচলাবস্থার মাঝেই।
ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, শুল্ক থেকে যে রাজস্ব আসে তা থেকে এই অর্থ প্রদান করা হবে। তবে প্রস্তাবটি কার্যকর করতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে। বিষয়টি সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।
রোববার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “প্রত্যেককে অন্তত ২ হাজার ডলারের লভ্যাংশ দেওয়া হবে, উচ্চ আয়ের মানুষদের বাদ দিয়ে।”
সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, এই ঘোষণা এমন সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের শুল্ক নীতির সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং সরকারের শাটডাউনের কারণে খাদ্য সহায়তা কর্মসূচি ব্যাহত হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবিসি নিউজকে বলেছেন, “২ হাজার ডলার লভ্যাংশ বিভিন্ন উপায়ে দেওয়া যেতে পারে। এতে কর ছাড়ও অন্তর্ভুক্ত থাকতে পারে, যেমন বখশিশ ও ওভারটাইম আয়ের ওপর কর না নেওয়া।”
এদিকে ট্রাম্প তার শুল্কনীতির পক্ষে মন্তব্য করে বলেছেন, “যারা ট্যারিফের বিরোধিতা করে, তারা বোকা। বর্তমানে আমেরিকা বিশ্বের সবচেয়ে ধনী ও মর্যাদাপূর্ণ দেশ। মুদ্রাস্ফীতি প্রায় নেই এবং শেয়ারবাজার রেকর্ড উচ্চতায় রয়েছে।”
তিনি আরও দাবি করেন, শুল্ক থেকে ‘ট্রিলিয়ন ডলার’ রাজস্ব আয় হচ্ছে, যা দিয়ে শিগগিরই যুক্তরাষ্ট্রের ৩৭ ট্রিলিয়ন ডলারের ঋণ পরিশোধ শুরু হবে।
প্রসঙ্গত, ট্রাম্পের এই ঘোষণা এসেছে এমন সময়ে যখন চলমান সরকারি অচলাবস্থার কারণে দেশজুড়ে খাদ্য সহায়তা ও অন্যান্য সরকারি সুবিধা ব্যাহত হচ্ছে। ইতিহাসের দীর্ঘতম এই শাটডাউন ইতোমধ্যেই ৪০ দিন ধরে চলমান।





