উপদেষ্টা পরিষদ ২০২৫ সালের জন্য প্রত্যাগত অভিবাসী কর্মীর পুনঃএকত্রীকরণ নীতি অনুমোদন করেছে। বৃহস্পতিবার ১৩ (আগস্ট) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, প্রত্যাগত অভিবাসী কর্মী পুনঃএকত্রীকরণ নীতি, ২০২৫-এর উদ্যোক্তা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রত্যাগত অভিবাসী কর্মী পুনঃএকত্রীকরণ নীতি, ২০২৫’ অনুমোদন করা হয়েছে।
এ নীতির কৌশলগত উদ্দেশ্য হলো-প্রত্যাগত অভিবাসী কর্মীর অর্জিত জ্ঞান ও দক্ষতার স্বীকৃতি দেওয়ার মাধ্যমে কর্মে নিযুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি; আগ্রহী প্রত্যাগত কর্মীর চাহিদা অনুযায়ী কারিগরি পরামর্শ বা প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি; প্রত্যাগত অভিবাসী কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা, সামাজিক সহযোগিতা প্রদান; নির্যাতিত, লাঞ্ছিত, ঝুঁকিপূর্ণ প্রত্যাগত অভিবাসী কর্মীকে সহায়তা ও সুরক্ষা প্রদান; সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট সব অংশীজনের মাধ্যমে প্রত্যাগত অভিবাসী কর্মীদের উদ্ভাবনমূলক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পুনঃএকত্রীকরণের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।





