বাড়িভাতা পাঁচ শতাংশ বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

রোববার (১৯ অক্টোবর) জাতীয় শহীদ মিনারে অষ্টম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচি পালন করছেন তারা। নতুন কর্মসূচি হিসেবে আজ দুপুর ১২টায় শিক্ষাভবন অভিমুখে “ভুখা মিছিল” করার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

তাদের দাবি, বাড়িভাড়া ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১ হাজার ৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধির প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

এর আগে সকালে অর্থ বিভাগ জানায়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে, সর্বনিম্ন ২ হাজার টাকা নির্ধারণে সম্মতি দেওয়া হয়েছে। উপসচিব মিতু মরিয়মের স্বাক্ষর করা অফিস আদেশে উল্লেখ করা হয়, ছয়টি শর্ত সাপেক্ষে এই সিদ্ধান্ত ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

তবে শিক্ষক-কর্মচারীরা এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে জানিয়েছেন, তাদের যৌক্তিক দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।