বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ পুনর্গঠনের জন্য এখনই সময় এসেছে। প্রায় ২০ কোটি মানুষের জন্য একটি গণতান্ত্রিক ও নিরাপদ রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে বিএনপি সুনির্দিষ্ট ও খাতভিত্তিক পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি এই পরিকল্পনাকেই তার আইকনিক শিরোনাম ‘আই হ্যাভ এ প্ল্যান’ হিসেবে অভিহিত করেছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, জনগণের প্রয়োজন ও প্রত্যাশার ভিত্তিতে এই পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এতে দেশের চার কোটির বেশি তরুণ, মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী এবং কোটি কোটি কৃষক ও শ্রমিকের প্রয়োজন বিবেচনায় রাখা হয়েছে। এছাড়া দেশ ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রতিটি খাতের জন্য আলাদা কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।





