সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা মোড়ে প্রকাশ্যে কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি মো. সাকিনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির অপস অফিসার সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি জানিয়েছেন, বুধবার (৭ জানুয়ারি) ঢাকা জেলার সাভার থেকে সাকিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তার কাছ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে সিরাজগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
মামলার বিবরণে জানা গেছে, গত ২৮ ডিসেম্বর বিকেলে চৌরাস্তা মোড়ের বাহিরগোলা রোডে আব্দুর রহমান রিয়াদ সিএনজিচালিত অটোরিকশায় বসে ছিলেন। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্রধারী কয়েকজন তাকে ঘিরে ধরে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে রাতেই রিয়াদ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত রিয়াদ শহরের সয়াধানগড়া খাঁ পাড়া মহল্লার রেজাউল করিমের ছেলে ও ইসলামিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি বৈষম্যবিরোধী আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সদস্যও ছিলেন।
এ ঘটনায় রিয়াদের বাবা রেজাউল করিম বাদী হয়ে প্রধান আসামি সাকিনসহ ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, গ্রেপ্তার সাকিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রয়োজন হলে রিমান্ড আবেদন করা হবে।





