ইরানে অবস্থানরত নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগের আহ্বান জানিয়েছেন ডোনাল্ড টাস্ক। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দেওয়া এক সতর্কবার্তায় তিনি এ নির্দেশ দেন।

ডোনাল্ড টাস্ক বলেন, সম্ভাব্য সামরিক সংঘাতের ঝুঁকি বাড়ছে। যে কোনো সময় পরিস্থিতি অবনতি হতে পারে। এমন পরিস্থিতিতে কয়েক ঘণ্টার মধ্যে নাগরিকদের সরিয়ে নেওয়া সম্ভব নাও হতে পারে। তাই পোলিশ নাগরিকদের দ্রুত ইরান ত্যাগ করার অনুরোধ জানান তিনি। পাশাপাশি নতুন করে কেউ যেন দেশটি ভ্রমণ না করেন, সে আহ্বানও জানান।

এই সতর্কবার্তা আসে মার্কিন সংবাদমাধ্যম Axios–এ প্রকাশিত এক প্রতিবেদনের পর। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের সম্ভাবনা আগের ধারণার চেয়ে বেশি এবং কয়েক সপ্তাহব্যাপী বড় ধরনের হামলা শুরু হতে পারে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সম্ভাব্য সংঘাতটি সীমিত অভিযান নয়, বরং পূর্ণমাত্রার যুদ্ধের রূপ নিতে পারে। সূত্রের বরাতে বলা হয়েছে, এটি যৌথ মার্কিন-ইসরাইলি আক্রমণও হতে পারে, যার পরিধি আগের সংঘাতের তুলনায় আরও বিস্তৃত হবে।

এদিকে, মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা শেষ হয়েছে। এতে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেন। উভয় পক্ষ আলোচনায় অগ্রগতির কথা জানালেও বিভিন্ন সূত্র বলছে, এখনও গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে।

 -দ্য জেরুজালেম পোস্ট