ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগাম হিল স্টেশনে ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে বাইসারান ভ্যালিতে এই নৃশংস হামলা ঘটে। হামলার জেরে গোটা ভারতজুড়ে নেমে আসে শোকের ছায়া।
\r\nপ্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে ৪ থেকে ৬ জনের একটি সশস্ত্র দল পাহাড় থেকে নেমে এসে পর্যটকদের লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায়। হামলাকারীরা সেনা পোশাক পরে ছিলেন, ফলে অনেকেই প্রথমে বিভ্রান্ত হন। আশপাশে কোনো যানবাহন না থাকায় পালানোর সুযোগ ছিল না, ফলে হতাহতের সংখ্যা বেড়ে যায়।
\r\nভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো সন্দেহ করছে, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি শাখা এই হামলার সঙ্গে জড়িত। কাশ্মীরের সাম্প্রতিক ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।
\r\nএই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা।
\r\nক্রিকেটার শুবমান গিল এক্সে লিখেছেন, “পেহেলগামের হামলার কথা শুনে মনটা ভেঙে গেছে। যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের জন্য প্রার্থনা রইল। হিংসার কোনো স্থান নেই আমাদের দেশে।”
যুবরাজ সিং লিখেছেন, “এই জঘন্য হামলার খবর শুনে মর্মাহত। নিহতদের আত্মার শান্তি কামনা করি। আসুন মানবতা ও আশার পক্ষে আমরা একসাথে দাঁড়াই।”
\r\nবীরেন্দ্র শেবাগ বলেন, “নিরীহ পর্যটকদের উপর এমন বর্বর হামলা মেনে নেওয়া যায় না। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল।”
\r\nগৌতম গম্ভীর প্রতিক্রিয়ায় জানান, “এই হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ভারত উপযুক্ত জবাব দেবে।”
\r\nসাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানান।
\r\nঅন্যদিকে অনিল কুম্বলে বলেন, “এই ধরনের সহিংসতায় মন ভেঙে যায়। নিরীহ মানুষের মৃত্যু মেনে নেওয়া যায় না। ঘৃণার বিরুদ্ধে আমাদের একসাথে দাঁড়াতে হবে।”
\r\nসরকারি সূত্র জানিয়েছে, দোষীদের শনাক্ত করতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে এবং গোটা এলাকায় উচ্চ পর্যায়ের সতর্কতা জারি করা হয়েছে।





