মানিকগঞ্জের মেধাবী শিক্ষার্থী নন্দিনী রানী সরকার (১৮) এবারের দুর্গাপূজায় মদপানের পর অসুস্থ হয়ে মারা গেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। রোববার (৫ অক্টোবর) ভোরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নন্দিনী চলতি বছরের এমবিবিএস ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ১৩৩তম স্থান অর্জন করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন। দরিদ্র পরিবারের সন্তান নন্দিনীর বাবা অনিল চন্দ্র সরকার ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল পুরো পরিবারেরও, যা অকালে থেমে গেল।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, পূজা উপলক্ষে নন্দিনী ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভান্ডারিয়া গ্রামে মামার বাড়িতে যান। বিজয়া দশমীর দিন বিকেলে বান্ধবীদের সঙ্গে প্রতিমা বিসর্জনে বেরিয়ে মদপান করেন তিনি। পরে অসুস্থ হয়ে পড়লে রাতে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে তাকে বাড়ি পাঠানো হয়, তবে পরদিন আবার অসুস্থ হয়ে পড়লে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়।
নন্দিনীর নানা সঞ্জয় কুমার সরকার বলেন, “দশমীর দিন বান্ধবীদের সঙ্গে ঘুরতে গিয়ে তারা মদপান করে। রাতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজে ভর্তি করা হয়, সেখানেই মারা যায় নন্দিনী।”
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, “নন্দিনী নামে এক তরুণী মদপানে অসুস্থ হয়ে হাসপাতালে আনা হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুম খান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মদ বিক্রেতাকে শনাক্ত ও আটক করতে অভিযান শুরু করেছে পুলিশ।





