আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে পূজামণ্ডপে মদ ও গাঁজার আসর বসানো যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুর্গা পূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এ নির্দেশনা দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পূজামণ্ডপগুলোতে টানা ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা থাকবে। নিরাপত্তায় পর্যাপ্ত আনসার সদস্য মোতায়েন করা হবে। সীমান্তবর্তী এলাকায় পূজামণ্ডপগুলোর দায়িত্বে থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তিনি বলেন, ঢাকায় প্রতিমা বিসর্জনের সময় নির্দিষ্ট লাইনের মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখতে হবে। কার পর কার বিসর্জন হবে তা নির্দিষ্ট ধারাবাহিকতায় সম্পন্ন করতে হবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান, এ বছর সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে। পূজা উদযাপন নিয়ে কোনো ধরনের উদ্বেগ নেই। গতবারের মতো এবারও শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।





