স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের ওপর কোনো আক্রমণ কোনো অবস্থাতেই সহ্য করা হবে না এবং এ ধরনের ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর পুলিশ হেডকোয়ার্টারে ‘হল অব প্রাইড’ সম্মেলন কক্ষে বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সাইবার অপরাধ বেড়ে গেছে, যা প্রতিরোধে তরুণ পুলিশ অফিসারদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার দায়িত্ব পুলিশের কাঁধে। নির্বাচনী সময়ে পুলিশ শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী নয়, জনগণের নিরাপত্তা, আস্থা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রতীক হিসেবেও কাজ করবে।

তিনি জোর দিয়ে বলেন, পুলিশ সদস্যরা কোনো রাজনৈতিক দলের পক্ষাবলম্বন বা সুবিধা গ্রহণ করবেন না। একই সঙ্গে ফ্যাসিস্টদের তালিকা পুলিশের কাছে রয়েছে। যারা সমাজ ও রাষ্ট্রে অস্থিরতা সৃষ্টিতে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তবে নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অধীনস্থ অফিসার ও ট্রুপসদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও মনোবল বৃদ্ধি করতে হবে। যাদের পেশাদারিত্ব নেই বা সরকার ও রাষ্ট্রের প্রতি অসম্মান প্রদর্শন করে, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নিতে হবে।

সভায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপাররা অংশগ্রহণ করেন।