গাজায় চলমান সামরিক অভিযানের মধ্যেই নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়ায়েল জামিরকে কড়া বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, গাজা উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা না থাকলে সেনাপ্রধানের পদে থাকার যৌক্তিকতা নেই—তাকে সরে দাঁড়াতে হবে।


সেনাপ্রধানকে পাঠানো এক লিখিত বার্তায় নেতানিয়াহু বলেন, “আমাদের লক্ষ্য গাজার সম্পূর্ণ দখল। এই লক্ষ্য অর্জনে উপত্যকার প্রতিটি অংশে সামরিক অভিযান চালাতে হবে। বিশেষ করে যেসব এলাকায় ধারণা করা হচ্ছে হামাস ইসরায়েলি জিম্মিদের লুকিয়ে রেখেছে, সেসব জায়গায়ও অভিযান অত্যাবশ্যক। আপনি যদি এই কৌশলকে সমর্থন করেন, তবে দায়িত্বে থাকুন। যদি না করেন, তাহলে পদত্যাগ করুন।”


ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্ট সোমবার এক প্রতিবেদনে জানায়, এই বার্তা নেতানিয়াহুর দপ্তরের একটি সূত্র থেকে পাওয়া গেছে।


এর আগে, চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েলি সেনাবাহিনীর তৎকালীন প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। পদত্যাগের সময় তিনি বলেন, গাজায় হামাসকে পুরোপুরি ধ্বংস করতে না পারার দায় তিনি নিচ্ছেন এবং সেই কারণেই দায়িত্ব ছাড়ছেন।


হালেভির পদত্যাগের দুই মাস পর, মার্চে ইসরায়েলি সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব নেন ইয়ায়েল জামির।


এদিকে, মঙ্গলবার সকালে ইসরায়েলের জরুরি মন্ত্রিসভা বৈঠক আহ্বান করেছেন নেতানিয়াহু। মূল আলোচ্য বিষয়—গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির পথ কী হতে পারে।


নেতানিয়াহুর কড়া বার্তার প্রতিক্রিয়ায় বিবৃতি দিয়েছে গাজা নিয়ন্ত্রিত গোষ্ঠী হামাস। গোষ্ঠীটির একজন মুখপাত্র বলেন, “আমরা তার এই বক্তব্যকে গুরুত্ব দিচ্ছি না। গাজা দখলের চেষ্টাই তার মূল উদ্দেশ্য, সেটি আমরা বহু আগেই বুঝেছি।”