বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পিআর (Proportional Representation) পদ্ধতি নিয়ে সাধারণ মানুষ কোনো ধারণাই রাখে না। তিনি ব্যঙ্গ করে বলেন, “এটা কি নারকেল তেলের মতো মাথায় মাখে, নাকি সাবানের মতো শরীরে দেয়?”


শনিবার (২৩ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ ট্যাংকের পার ময়দানে জেলা বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচি উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।


রিজভী বলেন, “কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ, নৈরাজ্যবাদী কিংবা গুণ্ডাপাণ্ডা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সদস্য হতে পারবে না। এই দেশ ৩০ লাখ শহীদের রক্ত ও ২ লাখ মা-বোনের ত্যাগে স্বাধীন হয়েছে। সেই দেশকে শেখ হাসিনা শকুনির মতো খুবলে খেয়েছেন। কিন্তু জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে জনগণের স্রোতে পরাজিত হয়ে তাকে পালিয়ে যেতে হয়েছে।”


তিনি অভিযোগ করেন, জুলাই মাসে শেখ হাসিনার নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী মানুষ হত্যা করেছে, রক্ত ঝরিয়েছে। সেই নির্দেশেই ব্রাহ্মণবাড়িয়ার সন্তান মুগ্ধকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।


পিআর পদ্ধতি প্রসঙ্গে রিজভী বলেন, “হঠাৎ করে কিছু রাজনৈতিক দল এ নিয়ে কথা বলছে। অথচ এর কোনো ব্যবহার বা দৃষ্টান্ত বাংলাদেশে নেই। পিআর পদ্ধতিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের সুযোগ নেই। এতে রাজনৈতিক দলগুলো কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে। আবার হঠাৎ করে কোনো বিত্তবান লোক মনোনয়ন কিনে নিতে পারে, অথচ রাজপথের সংগ্রামী নেতাকর্মীরা বাদ পড়ে যেতে পারেন।”


সভায় জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াসহ অন্যান্য নেতারা।