জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয় দফার যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, আগামী ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে গণসংযোগ কর্মসূচি পালিত হবে। এ সময়ে মতবিনিময় সভা, গোলটেবিল বৈঠক ও সেমিনারের মাধ্যমে জনমত গড়ে তোলা হবে। ১০ অক্টোবর রাজধানীসহ সব বিভাগীয় শহরে গণমিছিল অনুষ্ঠিত হবে। আর ১২ অক্টোবর সারাদেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করবে দলটি।
জামায়াতের ঘোষিত পাঁচ দফা দাবি হলো—
১. জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন।
২. নির্বাচন পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে করা।
৩. সুষ্ঠু নির্বাচনের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. গণহত্যার বিচার দৃশ্যমান করা।
৫. বিশেষ ট্রাইব্যুনালে জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের বিচার করে বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আজাদ, মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোমাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আবদুর রহমান মূসা প্রমুখ।





