পারস্য উপসাগরে দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নাবিক নিহত হয়েছেন এবং জাহাজ দুটিতে আগুন ধরে যায়।


নিরাপত্তা সূত্র ও বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিস্ফোরক বহনকারী নৌকা বা ক্ষেপণাস্ত্রের আঘাতে ইরাকি জলসীমায় থাকা দুটি জ্বালানি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়। হামলার পর জাহাজ দুটিতে আগুন লাগে, যদিও বেশিরভাগ নাবিককে উদ্ধার করা হয়েছে।


টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলাও চালাচ্ছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল পর্যন্ত ইসরায়েলের দিকে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, তবে এখন পর্যন্ত বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।


বিশ্লেষকদের মতে, এই হামলা বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে বড় ধরনের উদ্বেগ সৃষ্টি করেছে। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহন হয়। তাই এই পথে হামলা হলে বিশ্বজ্বালানি বাজারে বড় প্রভাব পড়ে।


হামলার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে গেছে এবং অনেক দেশ তাদের তেলের মজুত ব্যবহার করার ঘোষণা দিয়েছে।