লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পঁচাভান্ডার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি ছুঁড়ে সবুজ মিয়া (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে জগৎবেড় ইউনিয়নের শমসেরনগর এলাকায় পঁচাভান্ডার সীমান্তের ৮৬৪/৫ নং মূল সীমানা পিলারের নিকটে এ ঘটনা ঘটে।
নিহত সবুজ পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের পঁচাভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, তিনি ও আরও কয়েকজন ভারতীয় গরু আনার উদ্দেশ্যে সীমান্ত সংলগ্ন শূন্যরেখায় প্রবেশ করেন। তখন ভারতীয় বিএসএফ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে সবুজ মিয়া মারা যান, অন্যরা দ্রুত পালিয়ে যান। পরে বিএসএফ নিহতের লাশ ভারতে নিয়ে যায়।
৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুজাহিদ মাসুম জানান, এ ঘটনায় বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে এবং প্রতিবাদও জানানো হয়েছে। নিহতের মরদেহ ভারতের মাথাভাঙ্গা থানার হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে।





