পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, দেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে, এবং রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনৈতিক পরিস্থিতি আরও উন্নত হবে।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটির আয়োজনে ওয়াটার গার্ডেন রিসোর্টে আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় গভর্নর এসব মন্তব্য করেন। সেমিনারের লক্ষ্য ছিল গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কাছে ব্যাংকের অর্থ সহজে পৌঁছে দেওয়ার কার্যক্রম সম্প্রসারণ।
পাচার হওয়া অর্থ ফেরত আনার অগ্রগতি নিয়ে তিনি বলেন, বিভিন্ন ব্যাংক ইতোমধ্যে ইংল্যান্ডে আইনজীবী পাঠিয়েছে এবং বিভিন্ন গ্রুপ অব কোম্পানিগুলোর ক্লেইম প্রতিষ্ঠার চেষ্টা চলছে। “যদি সাফল্য আসে, দ্রুত পজিটিভ ফলাফল পাওয়া যাবে,” জানান গভর্নর।

সেমিনারে এমআরএ’র নির্বাহী ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ হেলাল উদ্দিন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান, ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেনসহ দেশের বিভিন্ন এনজিওর চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন।