পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভি জানিয়েছেন, দলটি টি–টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে কি না, তা চূড়ান্তভাবে শুক্রবার বা আগামী সোমবার সিদ্ধান্ত নেওয়া হবে।
নাকভি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়া মোহাম্মদ শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকে আইসিসি সম্পর্কিত বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সব বিকল্প খোলা রেখেই বিষয়টি সমাধান করতে হবে।
এর আগে বাংলাদেশকে নিরাপত্তার কারণে বিশ্বকাপ খেলতে না দেওয়ায় পাকিস্তান টুর্নামেন্ট বর্জনের বিষয়টি সরকারের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুতি নেবে বলে নাকভি জানিয়েছিলেন। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার পর পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
নাকভি বৈঠকে উল্লেখ করেছেন, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত পাকিস্তানে খেলতে অস্বীকার করেছিল, কিন্তু তখন বিকল্প ভেন্যু দেওয়া হয়েছিল। বাংলাদেশের ক্ষেত্রে নিরাপত্তাজনিত কারণে ভারতে যাওয়ায় তাদের টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার পাশাপাশি স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে অংশগ্রহণ ফি বাবদ বড় অর্থনৈতিক ক্ষতি হবে। তবে, পাকিস্তান শুধুমাত্র ভারতের বিপক্ষে ম্যাচে না খেলে ক্ষতি কমাতে পারে।
টি–টুয়েন্টি বিশ্বকাপ আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে। ‘এ’ গ্রুপে পাকিস্তানের প্রতিদ্বন্দ্বী দেশগুলো হল ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র।





