পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার বৃহত্তম শহর ওয়ানায় স্থানীয় শান্তি কমিটির দপ্তরে শক্তিশালী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই অন্তত ৭ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

\r\n

সোমবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ঘটে এই বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় শান্তি কমিটির দপ্তরের বিশাল অংশ ধসে পড়ে এবং অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। দ্রুত উদ্ধার অভিযান শুরু হয় এবং আহত ও নিহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

\r\n

এখনো পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠন হামলার দায় স্বীকার করেনি। পুলিশ এবং নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে এবং বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে।

\r\n

উল্লেখ্য, খাইবার পাখতুনখোয়া প্রদেশ দীর্ঘদিন ধরে পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর ঘাঁটি হিসেবে পরিচিত। আফগানিস্তানের তালেবান সরকারের প্রতি অনুগত টিটিপির সঙ্গে ২০২১ সালে অস্ত্রবিরতি চুক্তি করেছিল পাকিস্তান সরকার, তবে ২০২২ সালের নভেম্বরে সেই চুক্তি ভেঙে যায়। এরপর থেকে দেশটিতে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েই চলেছে।

\r\n

২০২৪ সালে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা ছিল সর্বোচ্চ। ওই বছর ৪৪টি বড় হামলায় প্রাণ হারান ৬৮৫ জন সেনা সদস্য এবং ৯২৭ জন বেসামরিক নাগরিক। সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত সেনা-পুলিশের অভিযানে নিহত হয় ৯৩৪ জন সন্ত্রাসী। ২০২৪ সালে সন্ত্রাসী হামলার হার ছিল আগের দশকের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি। সূত্র: রয়টার্স, সিএনবিসি টিভি ১৮