উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় একটি ভয়াবহ আত্মঘাতী হামলায় ১৩ জন সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৯ জন, যাদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন। শনিবার (২৮ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে এ হামলা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি এবং আরব নিউজ।

স্থানীয় প্রশাসন ও পুলিশের বরাতে জানানো হয়েছে, একটি বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলাকারী সেনাবাহিনীর একটি কনভয় লক্ষ্য করে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ১৩ সেনাসদস্য নিহত হন। আহতদের মধ্যে রয়েছেন আরও ১০ জন সেনা এবং ১৯ জন বেসামরিক নাগরিক।

এক সরকারি কর্মকর্তা বলেন, “আত্মঘাতী হামলাকারীর বিস্ফোরণে আশপাশের দুটি বাড়ির ছাদ ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ছয়টি শিশু আহত হয়েছে। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর উপশাখা ‘হাফিজ গুল বাহাদুর আর্মড গ্রুপ’ এ হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি এক বিবৃতিতে জানায়, সাম্প্রতিক সময়ে পাকিস্তান সেনাবাহিনীর ‘অবরোধ ও দমন-পীড়নের’ জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে।

পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে হামলার নিন্দা জানিয়ে বলা হয়েছে, জঙ্গি দমনে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান অঞ্চলে তালেবানপন্থি জঙ্গিদের হামলা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।