পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে দুদিনের সংঘর্ষে ২৩ জন আফগান তালেবান সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পাক সংবাদমাধ্যম দ্য নিউজ। রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শুক্রবার গভীর রাত থেকে শনিবার পর্যন্ত বেলুচিস্তানের চামান সীমান্তে গোলাগুলি চলে।

প্রতিবেদনে একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, শুক্রবার মধ্যরাতে সীমান্তের জামান সেক্টরে আফগান সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথমে ছোট অস্ত্রে গুলি চালায়। এর পরপরই পাকিস্তানের সেনারা পাল্টা জবাব দেয়। প্রথমে হালকা অস্ত্র ব্যবহার করা হলেও প্রায় ৪৫ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে। পরে আফগান বাহিনীকে ঠেকাতে পাকিস্তানি সেনারা রকেট লঞ্চার, কামানসহ ভারী অস্ত্র ব্যবহার করে।

সংঘর্ষে আফগান তালেবান বাহিনীর অন্তত তিনটি সীমান্ত চৌকি ধ্বংস হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একটি সূত্র দাবি করেছে, সাধারণ জনগণের ক্ষয়ক্ষতি এড়াতে নির্ভুল লক্ষ্যবস্তুতে অস্ত্র ব্যবহার করা হয়।

সূত্র আরও জানায়, প্রথম হামলার পর আফগান সেনারা জনবহুল এলাকায় অবস্থান নেয় এবং সেখান থেকে আবার গুলি ছোড়ে। এর জবাবে পাকিস্তানি বাহিনী ওই এলাকাতেও ভারী অস্ত্র ব্যবহার করে পাল্টা হামলা চালায়।