মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবরে ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী নেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন, তিনি এই রায়ের পেছনে ‘পাকিস্তানের প্রভাব’ আছে বলে দাবি করেছেন। সোমবার (১৭ নভেম্বর) এএনআই–কে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এ রায় পাকিস্তানের নির্দেশেই হয়েছে। এটি কার্যকর হওয়ার সম্ভাবনা নেই।”
শুভেন্দু অধিকারী আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশি হলেও বাঙালি সংস্কৃতির সঙ্গে যুক্ত এবং একজন প্রগতিশীল মুসলমান। তিনি কখনো চরমপন্থার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক পৃথক বিবৃতিতে জানায়, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সম্পর্কিত যেকোনো পরিস্থিতিতে ভারত সবসময় শান্তি, গণতন্ত্র, অংশগ্রহণ এবং স্থিতিশীলতার পক্ষে থাকে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “ভারত শেখ হাসিনাকে ঘিরে দেওয়া রায়টি লক্ষ্য করেছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষের শান্তি ও স্থিতিশীলতার প্রতি ভারতের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে। এই লক্ষ্যকে সামনে রেখে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করা হবে।”





