পাকিস্তান যেকোনো বহিরাগত হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল অসিম মুনির। শনিবার (২৬ এপ্রিল) পাকিস্তান মিলিটারি একাডেমির (পিএমএ) পাসিং আউট প্যারেডে দেওয়া ভাষণে তিনি এই সতর্ক বার্তা দেন।

\r\n

সেনাপ্রধান বলেন, “আমরা আত্মরক্ষার জন্য সর্বাত্মক প্রস্তুত। পাকিস্তানের স্থিতিশীলতা ও শক্তির ভিত্তি তার ইতিহাস এবং পূর্বপুরুষদের আত্মত্যাগে প্রোথিত।”

\r\n

তিনি আরও বলেন, দ্বি-জাতি তত্ত্ব মুসলিম ও হিন্দুদের পার্থক্য তুলে ধরে এবং সেটিই পাকিস্তানের পরিচয় ও অস্তিত্বের মূল ভিত্তি। পাকিস্তান প্রতিষ্ঠায় মুসলমানদের যে আত্মত্যাগ, তা ইতিহাসে অম্লান হয়ে আছে বলে মন্তব্য করেন তিনি।

\r\n

ভারতীয় মিডিয়া ও সামাজিক মাধ্যমে পাকিস্তানের ইতিহাস বিকৃত করার প্রচেষ্টা প্রত্যাখ্যান করে সেনাপ্রধান বলেন, “যারা পাকিস্তানের সৃষ্টি ও আদর্শকে চ্যালেঞ্জ জানাতে চায়, তাদের উদ্দেশ্যে বলতে চাই—আমরা ঐক্যবদ্ধ, প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ। দেশের সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তানি সেনাবাহিনী সর্বদা প্রস্তুত।”

\r\n

সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। ভারত অভিযোগের তীর ছুড়েছে ইসলামাবাদের দিকে, যার পরিপ্রেক্ষিতে পাল্টা প্রতিক্রিয়া জানাচ্ছে পাকিস্তান।

\r\n

এমন প্রেক্ষাপটে পাসিং আউট প্যারেডে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, “ভারত-অধিকৃত কাশ্মীরে পেহেলগামের সন্ত্রাসী হামলার বিষয়ে কোনো নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হলে পাকিস্তান তা মেনে নিতে প্রস্তুত। কিন্তু বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়া মিথ্যা অভিযোগের ভিত্তিতে পাকিস্তানকে শোষণের চেষ্টা বন্ধ হওয়া উচিত।”

\r\n

তিনি আরও বলেন, “আমাদের বীর সেনারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত এবং এই জাতি কোনো হুমকিতে ভয় পায় না।”