তাজিকিস্তান ও চীনের শিনজিয়াং সীমান্তবর্তী অঞ্চলে শুক্রবার ভোরে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। একই দিনে সকালে পাকিস্তানজুড়ে অনুভূত হয় একটি শক্তিশালী ভূমিকম্প, যার মাত্রা ছিল ৫ দশমিক ৮।

\r\n

পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) জানায়, স্থানীয় সময় রাত প্রায় ২টার দিকে ভূমিকম্পটি সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৫৯ কিলোমিটার গভীরে।

\r\n

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কম্পন পাকিস্তানের বিভিন্ন এলাকায় অনুভূত হয়। এর মধ্যে রাজধানী ইসলামাবাদ, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একাধিক জেলা ছাড়াও প্রতিবেশী আফগানিস্তান ও চীনের কিছু অংশ অন্তর্ভুক্ত রয়েছে।

\r\n

কম্পনের সময় সোয়াত, শাংলা ও বুনেরসহ আশপাশের এলাকায় ভবন কেঁপে উঠলে আতঙ্কিত মানুষজন ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

\r\n

অন্যদিকে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানায়, মোমেন্ট ম্যাগনিটিউড স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩ এবং এর গভীরতা ছিল প্রায় ১৪০ কিলোমিটার।

\r\n

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট এলাকায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জনসাধারণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।