জয়পুরহাট প্রতিনিধি:
ধর্মীয় অনুশাসনের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করতে জয়পুরহাট শহরের সাহেবপাড়া জামে মসজিদ কমিটি গ্রহণ করেছে এক ব্যতিক্রমী উদ্যোগ। টানা ৪০ দিন ফজরের জামাতে নামাজসহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা মুসল্লিদের উৎসাহ দিতে সাইকেল ও নগদ অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকেলে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় প্রথম স্থান অর্জনকারী ১৪ জন মুসল্লিকে একটি করে বাইসাইকেল উপহার দেওয়া হয়। এছাড়া দ্বিতীয় স্থান অর্জনকারী ১৭ জনকে জনপ্রতি ১৫০০ টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী ৬ জনকে জনপ্রতি ১০০০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি মুহাম্মদ হাসিবুল আলম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাফিজুর রহমান মাফু।
এ সময় বক্তব্য রাখেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহিদুল ইসলাম, ইসমাইল হোসেন, রঞ্জু, ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, শাহ আলম মোল্লা রিপন, মাওলানা জোবাইদুল ইসলাম ও হাসান মণ্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা।
বক্তারা বলেন, বর্তমান সময়ে মানুষকে নামাজের প্রতি আগ্রহী করে তুলতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মসজিদমুখী করতে এ ধরনের কর্মসূচি ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশা প্রকাশ করেন।
মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও মুসল্লিদের নিয়মিত জামাতে নামাজ আদায়ে উদ্বুদ্ধ করতে এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ অব্যাহত রাখা হবে।





