রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পশ্চিমা বিশ্বকে সতর্ক করেছেন যে, মস্কোর বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন হলে কঠোর জবাব দেওয়া হবে। তিনি এ সময় রাশিয়ার আকাশসীমায় বিমান ভূপাতিত করার প্রচেষ্টার বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছেন এবং জার্মানিকে সামরিকবাদী বক্তব্যের জন্য অভিযুক্ত করেছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ল্যাভরভ বলেন, “আমার দেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব কঠোর হবে। ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন এ নিয়ে কোনো সন্দেহ রাখবেন না। যারা ভোটারদের বোঝাচ্ছেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য, তারা ভুল বোঝাচ্ছেন।”
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের তীব্রতা বৃদ্ধির পাশাপাশি ন্যাটোর পূর্ব সীমান্তে উত্তেজনা বেড়েছে। এস্তোনিয়া জানিয়েছে, রাশিয়ার তিনটি যুদ্ধবিমান তাদের আকাশসীমায় ঢুকেছে। অন্যদিকে ন্যাটোর যুদ্ধবিমানগুলো পোল্যান্ডের ওপর দিয়ে রাশিয়ান ড্রোন ভূপাতিত করেছে।
ল্যাভরভ এক সংবাদ সম্মেলনে আরও বলেন, “যদি আমাদের আকাশসীমায় কোনো উড়ন্ত বস্তু ভূপাতিত করার চেষ্টা করা হয়, তবে এটি আমাদের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন হবে, যার জন্য অপর পক্ষকে অনুতপ্ত হতে হবে।”
তিনি উল্লেখ করেন, রাশিয়া কখনো ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটো দেশগুলোতে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালায়নি এবং ভবিষ্যতেও এমন পরিকল্পনা নেই।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে বলেন, তিনি ন্যাটোর আকাশসীমা লঙ্ঘনকারী রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়টিকে সমর্থন করেন এবং ইউক্রেনে রাশিয়ার সামরিক সক্ষমতাকে ‘কাগুজে বাঘ’ হিসেবে উপহাস করেছেন।





