বাগেরহাটের মোংলার পশুর নদে ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট রিয়ানা আজাদের লাশ উদ্ধার করা হয়েছে। তিন দিনের অনুসন্ধান শেষে সোমবার (১০ নভেম্বর) সকালে মোংলার সাইলো জেটি এলাকার কাছে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।


কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত শনিবার (৮ নভেম্বর) রিয়ানা আজাদসহ ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণে জালিবোটে করে রওনা হন। দুপুরের দিকে বোটটি ঢাংমারি খালসংলগ্ন এলাকায় প্রবল ঢেউয়ে উল্টে যায়। স্থানীয়দের সহায়তায় ১৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও রিয়ানা নিখোঁজ ছিলেন।


তিনি আরও জানান, ঘটনার পর কোস্টগার্ডের মোংলা বেইস ও হারবারিয়া স্টেশন থেকে উদ্ধারকারী দল পাঠানো হয়। টানা তিন দিন অভিযান চালানোর পর সোমবার সকাল ৭টার দিকে রিয়ানার মরদেহ নদীতে ভেসে ওঠে। পরে লাশটি চাঁদপাই নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়।


\r\n\r\n\r\n

রিয়ানা আজাদ রাজধানীর উত্তরা এলাকার আবুল কালাম আজাদের মেয়ে। তিনি বিমানের সাবেক পাইলট ছিলেন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন। পরিবারসহ সুন্দরবন ভ্রমণে এসে এই দুর্ঘটনার শিকার হন তিনি।