অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের এখনই সৌরবিদ্যুৎসহ পরিচ্ছন্ন জ্বালানির বিকল্প ব্যবহারে গুরুত্ব দেওয়ার সময় এসেছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় অ্যানথ্রোপোসিন ইনস্টিটিউটের চেয়ারম্যান কার্ল পেজ ও তাঁর সহকর্মীদের সঙ্গে এক ভার্চুয়াল সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সভায় কার্ল পেজ, যিনি গুগলের সহ–প্রতিষ্ঠাতা ল্যারি পেজের ভাই, পরবর্তী প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি ও হাইব্রিড সিস্টেমের সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, বার্জে স্থাপনযোগ্য পারমাণবিক চুল্লি তুলনামূলক সাশ্রয়ী, কম রক্ষণাবেক্ষণ প্রয়োজন এবং শিল্পখাতের জন্য দীর্ঘমেয়াদে বিদ্যুৎ সরবরাহে সক্ষম। তাঁর মতে, এসব প্রযুক্তি এখন আন্তর্জাতিক উন্নয়ন অর্থদাতাদের কাছেও গ্রহণযোগ্য হয়ে উঠছে।

কার্ল পেজ আরও বলেন, উদ্ভাবনে বাংলাদেশের শক্তিশালী অবস্থান রয়েছে। দেশটি চাইলে পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরে অগ্রণী ভূমিকা নিতে পারে, যা কর্মসংস্থান সৃষ্টি, জ্বালানির দাম স্থিতিশীলতা ও শিল্পখাতের প্রতিযোগিতা বাড়াবে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস জানান, সৌরবিদ্যুৎ উৎপাদন ত্বরান্বিত করতে ইতিমধ্যেই নতুন জাতীয় বিদ্যুৎ নীতি প্রণয়ন করা হয়েছে। তবে পারমাণবিক বিকল্প বিবেচনার আগে গভীর গবেষণা ও সম্ভাব্যতা যাচাই প্রয়োজন। তিনি বলেন, \"আমরা অবশ্যই এসব সম্ভাবনা খতিয়ে দেখব। কিন্তু একটি বিষয় স্পষ্ট—বাংলাদেশকে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমাতেই হবে।\"

সভায় আরও উপস্থিত ছিলেন বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ।