নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সুয়ে। একইসঙ্গে ইউনাইটেড লীগ অব আরাকান (ইউএলএ)-এর চেয়ারম্যান ও আরাকান আর্মির প্রধান ত্বান ম্রাত নাইংও পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। এটি প্রথমবারের মতো আরাকান সেনার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর জন্য অভিনন্দনের বার্তা।

মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সুয়ে তার বার্তায় ঢাকা ও নেপিডোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের সংলাপ ও সমন্বয় আরও শক্তিশালী হবে।

একই সঙ্গে ইউনাইটেড লীগ অব আরাকান (ইউএলএ)-এর চেয়ারম্যান ও আরাকান আর্মির প্রধান ত্বান ম্রাত নাইং পৃথক বার্তায় নতুন পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, বাস্তবসম্মত ও টেকসই সমাধানের লক্ষ্যে বাংলাদেশ ও আরাকান পক্ষ যৌথভাবে কাজ করতে পারে। এটিকে আরাকান আর্মির পক্ষ থেকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে প্রথম আনুষ্ঠানিক অভিনন্দন বার্তা হিসেবে দেখা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এই বার্তাগুলো দীর্ঘদিনের যোগাযোগ ও কূটনৈতিক প্রচেষ্টার ফল। এতে রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান প্রক্রিয়ায় নতুন সরকারের প্রতি আস্থার প্রতিফলন দেখা যায়।

বাংলাদেশ সরকার রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই সমাধানে জাতিসংঘসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। রাখাইন রাজ্যে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি রোহিঙ্গাদের পক্ষ থেকেও পুনর্ব্যক্ত করা হয়েছে।