পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিদায়ী সময়ে বিভিন্ন দেশের সঙ্গে যে চুক্তি ও সমঝোতা সই করা হচ্ছে, সেগুলো ভবিষ্যতের নির্বাচিত সরকারের জন্য বোঝা হবে না। তিনি বলেন, বর্তমান সরকার এমনভাবে নানা ইস্যু এগিয়ে দিচ্ছে যাতে পরবর্তী সরকারের কাজ সহজ হয়।


বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা ভিসা প্রসঙ্গেও মন্তব্য করেছেন। তিনি বলেন, বিদেশে ভিসা না পাওয়া কোনো ব্যক্তির দায় নয়, এটি দেশের পুরো সিস্টেমের দায়িত্ব। তিনি জোর দিয়ে বলেন, “প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন, জালিয়াতিতে আমরা একেবারে সেরা। আমরা যখন কাগজে জালিয়াতি করি, তখন সেই কাগজকে বিশ্বাসযোগ্য করার দায়িত্ব আমাদের।” তিনি আরও সতর্ক করেছেন, ভিসা জাল বা অসঙ্গতিপূর্ণ হলে বিদেশে চাকরি বা শিক্ষার ক্ষেত্রে সমস্যা হবে, এবং তা সমাধান করতে সবার আগে দেশকে ঘর গোছাতে হবে।


ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও মন্তব্য করেন তৌহিদ হোসেন। তিনি স্বীকার করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ভারত সঙ্গে সম্পর্ক ‘মসৃণ’ ছিল না। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, পরবর্তী সরকার দুই দেশের সম্পর্ককে মসৃণ করবে।