বিএনপির ঢাকা দক্ষিণের নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, \"পদযাত্রার নামে বিএনপির বিরুদ্ধে বদনাম রটানো হচ্ছে, যা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি সুপরিকল্পিত এজেন্ডা।\"
\r\nবুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ মাঠে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কলেজ ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
\r\nতিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের একক কৃতিত্ব নিতে একটি গোষ্ঠী ‘ইজম’ চালু করেছে, যা প্রতিহত করতে হবে। এই ঐতিহাসিক আন্দোলনের পেছনে দলীয় ও গণতান্ত্রিক চেতনার যে অবদান, তা কেউ মুছে ফেলতে পারবে না।”
\r\nসরকারের সমালোচনা করে ইশরাক বলেন, “সংস্কার ও নির্বাচনের কথা বলা হলেও গত এক বছরে দৃশ্যমান কোনো বিচারিক অগ্রগতি হয়নি। মাত্র একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, পাঁচটি কেন হয়নি—সে প্রশ্ন আজ জনমনে।”
\r\nতিনি আরও বলেন, “বর্তমান সরকার স্বৈরাচারের ছত্রছায়ায় পরিচালিত হচ্ছে। আগের আওয়ামী শাসনামলের দখলদাররা এখনও ক্ষমতার চারপাশে ঘুরছে। তাদের প্রতিহত করতে হবে।”
\r\nআলোচনা সভায় জুলাই আন্দোলনে নিহত কবি নজরুল কলেজের চার শিক্ষার্থী—ইকরাম হোসেন কাউসার, ওমর ফারুক, জিহাদ হোসেন ও তৌহীদুল ইসলামের স্মরণে ‘শহীদ চত্বর’ নির্মাণের ঘোষণাও দেন তিনি।
\r\nসভায় সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব নাজমুল হাসান।
\r\nঅনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ। আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন, কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।





