অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, \"কে পদত্যাগ করবে বা করবে না, সেটা মুখ্য নয়—গুরুত্বপূর্ণ হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।\"
\r\nমঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘জাতীয়তাবাদী প্রজন্ম ৭১’ আয়োজিত \"গণতন্ত্র ও ভোটের অধিকার\" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
\r\nতিনি বলেন, \"চেয়ার কখনো খালি থাকে না। তাই এ ধরনের আলোচনায় না গিয়ে আপনার (ড. ইউনূসের) উচিত একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দিকে মনোযোগী হওয়া। আপনি যদি এদেশে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেন, জনগণ আপনাকে আজীবন মনে রাখবে। আর যদি বিলম্ব করেন, ইতিহাসে আপনার নাম নিন্দিত হয়ে থাকবে—যা আমরা কেউই চাই না।\"
\r\nফারুক আরও বলেন, \"সংস্কার করতে বেশি সময় লাগে না। ইতিহাসে এমন বহু দৃষ্টান্ত রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন। এতে কি দীর্ঘ সময় লেগেছিল? আর সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ তিন মাসেই নির্বাচন সম্পন্ন করেছিলেন। অথচ এখন নয় মাস পার হয়ে গেছে, নির্বাচন এখনো অনিশ্চিত।\"
\r\nআলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপন এবং সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইয়ুব আহমেদ শাহিন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম-মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এবং নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার প্রমুখ।





