ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে ডেইলি স্টার, প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকা কার্যালয় এবং বরেণ্য সাংবাদিক নুরুল কবিরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
\r\nশুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান।
\r\nপোস্টে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। এ দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তার দায়িত্ব বর্তমান সরকারের। শহীদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন তাঁর আত্মার মাগফিরাত কামনা করছে, ঠিক সেই সময়ে ডেইলি স্টার, প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকা প্রতিষ্ঠান এবং বরেণ্য সাংবাদিক নুরুল কবিরসহ আরও অনেকের ওপর হামলার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত নিন্দনীয়।
\r\nতিনি বলেন, যারা দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য অপেক্ষা করে, তারা এই দেশের শত্রু। সংকটকে পুঁজি করে আজকের এই শোকাবহ মুহূর্তকে তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে রূপ দিয়েছে। এ ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে তিনি তীব্র প্রতিবাদ জানান।
\r\nবিএনপি মহাসচিব আরও বলেন, হাদি নির্বাচনে প্রার্থী ছিলেন এবং জনগণের দ্বারে দ্বারে গিয়েছিলেন। নির্বাচন হবে এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
\r\nতিনি হাদির হত্যাকারীদের দ্রুত বিচার এবং সব ধরনের মব সন্ত্রাসের বিচার দাবি করেন। তাঁর ভাষায়, প্রায় এক বছরের বেশি সময় ধরে মব সন্ত্রাস জাতিকে বিভক্ত করে রেখেছে। স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব হওয়া উচিত জাতিকে ঐক্যবদ্ধ করা এবং একটি গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা।
\r\nমির্জা ফখরুল সব পক্ষকে দায়িত্বশীল আচরণের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, এ বিষয়ে সরকারকে অনতিবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে।





