রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির কর্মী সমাবেশ পণ্ড হয়ে গেছে। সমাবেশ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দলীয় প্রতীক ও অভ্যন্তরীণ বিরোধসহ নানা বিষয়ে আলোচনা করতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এই কর্মী সমাবেশ আহ্বান করেন।

এর আগে বিকেলে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করে সমাবেশ শুরু হয়। মঞ্চে উপস্থিত ছিলেন জি এম কাদের, শামীম হায়দার পাটোয়ারীসহ দলের শীর্ষ নেতারা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সেখানে যোগ দেন।

সমাবেশ শুরুর আগেই কাকরাইল এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ বলে জানা গেছে।