পটুয়াখালীর দশমিনা উপজেলায় ছাত্র অধিকার পরিষদের ৪৩ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলা গণ অধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা এই ঘোষণা দেন।

পদত্যাগী নেতাকর্মীরা অভিযোগ করেন, জেলা কমিটি আর্থিক লেনদেনের মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের পদ দিয়েছে এবং ‘পকেট কমিটি’ গঠন করেছে। এর ফলে উপজেলা পর্যায়ে দ্বন্দ্ব ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর জেলা ছাত্র অধিকার পরিষদ দশমিনা উপজেলা কমিটির অনুমোদন দেয়। ৫১ সদস্যের ওই কমিটিতে সভাপতি হন মাসুদুর রহমান এবং সাধারণ সম্পাদক করা হয় হাসান মামুনকে। নতুন কমিটি ঘোষণার পর থেকেই সংগঠনের ভেতরে বিভাজন শুরু হয়। বর্তমানে কমিটিতে মাত্র আটজন সক্রিয় সদস্য রয়েছেন।

কমিটির দপ্তর সম্পাদক হাসান মাহমুদ বলেন, হঠাৎ করে আর্থিক লেনদেনের মাধ্যমে অযোগ্যদের পদ দেওয়া হয়েছে। উপজেলা নেতাকর্মীদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। তাই অসন্তুষ্ট হয়ে তিনি নিজে ও আরও ৪৩ জন সদস্য পদত্যাগ করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহসিন ইসলাম। তিনি বলেন, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন, এজন্য তাকে নোটিশ দেওয়া হয়। এরপর থেকেই তিনি কমিটি নিয়ে ষড়যন্ত্র করছেন। ৪৩ জনের পদত্যাগের দাবি সঠিক নয়, এটি শুধু মিডিয়া ট্রায়ালের উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে।