সংবাদ লোড হচ্ছে...
সংবাদ লোড হচ্ছে...
পটুয়াখালীর দশমিনা উপজেলায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খোলার কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে ভাঙচুর ও পুনরায় তালা দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
দীর্ঘ ১৮ মাস ধরে তালাবদ্ধ থাকা কার্যালয়টি সোমবার সকাল সাড়ে ৭টার দিকে খুলে পরিষ্কার-পরিচ্ছন্ন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে তারা দোয়া ও মোনাজাত করেন।
\r\nদশমিনা উপজেলা ছাত্রলীগের কর্মী সোহাগ প্যাদার দাবি, রাজনৈতিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক মনে হওয়ায় তারা শান্তিপূর্ণভাবে অফিস খুলে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে দোয়া-মোনাজাত করেন। এ সময় দলীয় স্লোগানও দেওয়া হয়। পরে উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা সেখানে এসে তাদের বাধা দেন এবং কার্যালয়ে ভাঙচুর চালিয়ে পুনরায় তালা ঝুলিয়ে দেন বলে অভিযোগ করেন তিনি। ঘটনার পর পুলিশ জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে বলেও জানান সোহাগ।
\r\nতবে ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন দশমিনা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম সানু। তার বক্তব্য, বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। নিষেধাজ্ঞা থাকা অবস্থায় কার্যালয় খুলে অবস্থান নেওয়া উসকানিমূলক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে হামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন।
\r\nদশমিনা থানার ওসি আবু শাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বলেন, সকালে আওয়ামী লীগের কিছু কর্মী কার্যালয় খুলে অবস্থান নেন। পরে ছাত্রদলের কর্মীরা এসে তাদের প্রতিহত করেন। তিনি বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; তাই জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অভিযান চলছে।”
\r\nস্থানীয় সূত্রে জানা গেছে, সকালবেলা উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের ১০ থেকে ১২ জন নেতাকর্মী কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন। পরিষ্কার-পরিচ্ছন্নতার পর দোয়া-মোনাজাত ও দলীয় স্লোগান দেওয়া হয়। কিছুক্ষণ পর ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সেখানে হাজির হন এবং বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে কার্যালয়ের ভেতরে ভাঙচুরের ঘটনা ঘটে।
\r\nএ বিষয়ে জানতে দশমিনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
\r\nপটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শামীম চৌধুরী বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। আইন আইনের গতিতে চলবে। ভবিষ্যতে যদি আইনগতভাবে তাদের কার্যক্রম শুরু হয়, তখন ছাত্রদলের নেতাকর্মীরা কোনো বাধা দেবে না।”