নোয়াখালী প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে মনসাদপুর মিয়া বাড়ির ৩০০ বছর পূর্তি উপলক্ষে ‘আপনজন পুনর্মিলনী’ অনুষ্ঠিত হয়েছে।শনিবার দিনব্যাপী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের মনসাদপুর মিয়া বাড়িতে আনন্দ-আড্ডা ও স্মৃতিচারণে মুখরিত হয়ে ওঠে ঐতিহ্যবাহী এই পরিবারের পুনর্মিলনী অনুষ্ঠান। 

দীর্ঘ সময় পর একে অপরকে কাছে পেয়ে আত্মীয়-স্বজনের আবেগ-উচ্ছ্বাস অনুষ্ঠানটিতে প্রাণস্পন্দন বাড়িয়ে দেয়।
​দিনভর আড্ডার পর রাতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেখ ছেরাজুর নুর কচির সঞ্চালনায় ও ইঞ্জিনিয়ার মনির আহমেদের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারডেম হাসপাতালের উপ-পরিচালক বেলায়েত হোসেন, সোনালী ব্যাংকের ডিজিএম খালেকুজ্জামান এবং বিজিবি ট্রাস্ট মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ ফজলে রাব্বি। এছাড়াও উপস্থিত ছিলেন বাড়ির অন্যান্য গুণী ব্যক্তিবর্গ।

​প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, \"আগামী প্রজন্মের কাছে পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজন একটি শিক্ষণীয় দৃষ্টান্ত।\" নিজের নানাবাড়ির ৩০০ বছর পূর্তির এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন। ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ধারা অব্যাহত রাখার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

সর্ট: অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।