নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চর দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডসংলগ্ন জাগলার চরে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি আলাউদ্দিন (৩৫), উপজেলার সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের বাসিন্দা এবং মহিউদ্দিনের ছেলে। বাকি চারজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় জড়িতদের আটক ও মরদেহ উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাগলার চরের জমি সরকারিভাবে এখনো কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। এই সুযোগে ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের কোপা সামছু বাহিনী চরের কিছু জমি দখল ও বিক্রি করে। পরে সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী ওই জমি পুনরায় দখলের চেষ্টা চালায়। একপর্যায়ে উভয় পক্ষ আলাদাভাবে জমি দখল ও বিক্রির চেষ্টা করলে তাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চরমে ওঠে।

স্থানীয়দের অভিযোগ, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলাউদ্দিন বাহিনী ও কোপা সামছু বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিল। এরই জেরে মঙ্গলবার সকালে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন। গুরুতর আহত আলাউদ্দিনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে দুপুরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন জানান, সংঘর্ষে আলাউদ্দিন বাহিনীর গুলিতে চারজন এবং প্রতিপক্ষের গুলিতে আলাউদ্দিন নিহত হয়েছেন। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী জানান, দুপুর ২টার দিকে আলাউদ্দিন নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়।