নোয়াখালী প্রতিনিধি: ​'শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা'—এই মূলমন্ত্রকে ধারণ করে নোয়াখালীতে বর্ণিল আয়োজনে পালিত হয়েছে ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা বাহিনী) দিবস। 

সোমবার সকাল ১১টায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের শুভ সূচনা করেন জেলা কমান্ড্যান্ট মোঃ আশরাফুজ্জামান। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা কার্যালয়ে এসে শেষ হয়৷  র‍্যালি শেষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট বাহিনীর সদস্যদের আধুনিক প্রশিক্ষণ ও দেশের দুর্যোগে তাদের অতন্দ্র ভূমিকার প্রশংসা করেন।

​এসময় জেলা কমান্ড্যান্ট তাঁর বক্তব্যে উল্লেখ করেন— ১৯৭৬ সালের এই দিনে প্রতিষ্ঠার পর থেকে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভিডিপি সদস্যরা সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। বাহিনীর ঐতিহ্য ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে অর্পিত দায়িত্ব পালন করতে হবে বলে তিনি বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন। তিনি আরও বলেন, অতীতের মতো আগামী জাতীয় নির্বাচনেও এ বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


​অনুষ্ঠানে সদর উপজেলা কর্মকর্তা মোঃ হাম্মাদ বিন হোসাইন, সোনাইমুড়ী উপজেলা কর্মকর্তা মোঃ আবুল বশিরসহ বিভিন্ন উপজেলার কর্মকর্তা এবং প্রায় দেড় শতাধিক আনসার ও ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।